ফুলহাম একাডেমির বর্ষসেরা বাংলাদেশের ফারহান

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ০৬:১৪ এএম
ফুলহাম একাডেমির বর্ষসেরা বাংলাদেশের ফারহান

আসিয়ান কাপে বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন ফারহান আলী ওয়াহিদ। গোলের দেখা পেয়েছিলেন ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচে। যদিও সেই ম্যাচে বাংলাদেশ বিধ্বস্ত হয় ৯-২ গোলে। তবে সেসব ছাপিয়ে তিনি এখন আলোচনায় ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় নির্বাচিত হয়ে। ফুলহাম তাদের ক্লাবের ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় জনি হেইনসের নামে ২০১৯ থেকেই বর্ষসেরা একাডিমে খেলোয়াড়ের পুরস্কার দিয়ে আসছে। ক্লাবটির খেলোয়াড় ও কোচিং স্টাফদের ভোটে নির্বাচিত হন একাডেমি উঠে আসা কোনো খেলোয়াড়। ১৯ বছর বয়সী ফারহান গত বৃহস্পতিবার এই পুরস্কার জিতেছেন। ফুলহাম জানিয়েছে, ‘ক্লাব আনন্দের সঙ্গে জানাচ্ছে, ফারহান আলী ওয়াহিদ ২০২৬ জনি হেইনেস ট্রফি বিজয়ী।’ ক্লাবটির ওয়েবসাইটে নিজের অনুভূতি জানিয়ে বাংলাদেশের এই ফুটবলার বলেন, ‘এ পুরস্কারের জন্য সতীর্থদের ভোট পাওয়াটা দারুণ ব্যাপার, অত্যন্ত তৃপ্তিদায়ক অনুভূতি। সতীর্থদের ছাড়া আমি এটি অর্জন করতে পারতাম না। তারাই মানদণ্ড ঠিক করে দেয়, অনুপ্রেরণা জোগায় ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করে, যা আমাকে ভালো খেলোয়াড় হয়ে উঠতে সাহায্য করেছে। অতীতে যারা এই ট্রফি জিতেছে, তাদের নামের তালিকায় তাকালে বোঝা যায় এটি কত বিশেষ এক অর্জন।’ পেশাদার ফুটবলে নিজের অভিষেক মৌসুমেই নজর কেড়েছেন ফারহান। গত মৌসুমে অনূর্ধ্ব-২১ পর্যায়ের প্রিমিয়ার লিগ টুতে ২১ ম্যাচে ১৭টি গোলে অবদান রাখেন তিনি। তার পারফরম্যান্সে লিগে চতুর্থ স্থান অর্জন করে ফুলহাম। দারুণ নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ওই বছরের নভেম্বরে মাসসেরা খেলোয়াড়ও নির্বাচিত হন ফারহান। পরে ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে যোগ দেন তিনি। দলটির হয়ে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন এই ফুটবলার।