পাবনার ঈশ্বরদীতে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ । এ সময় পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ান শুটারগান ও চারটি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত থেকে উপজেলার লক্ষ্ণীকুন্ডা ইউনিয়নের ডিগ্রির চরসহ বিভিন্ন এলাকায় ঈশ্বরদী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে গ্রেফতারি পরোয়ানাভুক্ত চারজন, নিয়মিত মামলায় একজন এবং মাদকদ্রব্য সেবনের অভিযোগে ১৮ জন রয়েছেন। অভিযানে উদ্ধার করা অস্ত্রগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান।
পুলিশ জানায়, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার পাঁচ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকদ্রব্য সেবনের অভিযোগে আটক ১৮ জনের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। পাবনা জেলা পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, ঈশ্বরদীতে মাদকবিরোধী ও অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযানে দুটি ওয়ান শুটারগান ও তিনটি হাসুয়া উদ্ধার করে। এ ছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও একটি হাসুয়া উদ্ধার করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।