কাউখালীতে জেলে পরিবারের মাঝে চাল বিতরণ

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৬, ০২:২৭ পিএম
কাউখালীতে জেলে পরিবারের মাঝে চাল বিতরণ

কাউখালীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ থাকা কালে জেলে পরিবারের জীবনযাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে, উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নে ইলিশ আহরণে বিরত থাকা ৩১০ জন নিবন্ধিত জেলে পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়। এ সময় প্রতি জেলে পরিবারকে ২৫ কেজি করে মোট ৭.৭৫ মেট্রিক টন চাল দেওয়া হয়।

ইলিশ রক্ষায় সরকার ঘোষিত এই নিষেধাজ্ঞা চলাকালে কাউখালী উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ১ হাজার ৬৫০ জন উপকারভোগী মৎস্যজীবী পরিবারের মাঝে ৪১.২৫ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে। চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, আমড়াজুড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা আইসিটি অফিসার মেহেদী হাসান, উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান, ইউনিয়ন প্রশাসনিক অফিসার আশুতোষ বড়াল এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ইকবাল হোসেন।

তবে বরাদ্দকৃত চাল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মৎস্যজীবীরা। চাল গ্রহণ শেষে মৎস্যজীবী মিজানুর রহমান ও হানিফ শেখ বলেন, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে এই ২২ দিনের অবরোধকালে মাত্র ২৫ কেজি চাল দিয়ে পুরো সংসার চালানো অসম্ভব হয়ে পড়ে। চালের পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচও রয়েছে। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যাতে আমাদের সরকারি সহযোগিতার পরিমাণ আরো বাড়ানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে