তানোরে সরকারি রাস্তারগাছ কর্তন, জব্দ করলেন ইউএলও

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৬, ০৭:৫৫ পিএম
তানোরে সরকারি রাস্তারগাছ কর্তন, জব্দ করলেন ইউএলও
রাজশাহীর তানোরে সরকারি এক রাস্তার আমগাছ কর্তনের সময় গ্রামবাসীর বাঁধার প্রেক্ষিতে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (ইউএলও) কর্তনকৃত গাছটি জব্দ করে গ্রামপুলিশের জিম্মায় রেখেছেন। এনিয়ে গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। রোববার (৫ অক্টোবর) উপজেলার কলমা ইউপির নড়িয়াল গ্রামের ক্ষ্যাপার মোড় নামক স্থানে এ আমগাছ কর্তনের ঘটনা ঘটে। স্থানীয় ভূমি অফিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কলমা ইউপির নড়িয়াল গ্রামের ক্ষ্যাপার মোড় জনবহুল এলাকা হিসেবে পরিচিত। এ মোড়ের সবচেয়ে পুরাতন সরকারি রাস্তার পাশে অবস্থিত গাছটি এক প্রকার সৌন্দর্য্য ছিল। কিন্তু রোববার থেকে গাছটি কাটা শুরু করেন ওই এলাকার আবুল খাঁ। তাকে নিষেধ করা হলে তিনি সাব জানিয়ে দেন তার ব্যক্তিগত গাছ। এজন্য গ্রামের লোকজন ক্ষুব্ধ হয়ে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসে খবর দেন। তবে, ততক্ষণে গাছের ডালপালা সব কাটা শেষ হয়েছে। শুধু গাছের গোড়া বা মুথা কাটলেই শেষ। এসময় তানোর উপজেলার কলমা ইউপির দরগাডাঙ্গাস্থ খাজনা আদায় অস্থায়ী ক্যাম্পের ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (ইউএলও) তারেক আজিজ গাছটি জব্দ করে গ্রামপুলিশের জিম্মায় রেখেছেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নড়িয়াল গ্রামের উত্তরে ক্ষ্যাপার মোড়। মোড় থেকে উত্তর দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাস্তা। পশ্চিমে নড়িয়াল গ্রাম। ওই গ্রামের সরকারি পাঁকা রাস্তার পাশে ছায়া ছড়ানো গাছটি। এমন গাছের ডালাপালা কেটে ফেলা হয়েছে। চলছিল গোড়া কাটার চেষ্টা। এসময় গ্রামপুলিশ বাঁধা দিলে গাছ কাটা বন্ধ করে আবুল খাঁ ও তার লোকজন। এনিয়ে আবুল খাঁ বলেন, সরকারি রাস্তা ও তার জায়গা জরিপ করে স্থানীয় আমিন বা সার্ভেয়ার বলেছে গাছটি তার জায়গা পড়েছে। এজন্য ১২ হাজার টাকায় গাছটি বিক্রি করা হয়। যিনি কিনে নিয়েছেন তিনি গাছ কাটছেন। তবে, গাছটি আপনি লাগিয়েছেন না সরকার এমন প্রশ্নে তিনি বলেন- বহু পুরাতন গাছ। কে লাগিয়েছে তার জানা নেই বলে এড়িয়ে গেছেন তিনি। এব্যাপারে তানোর উপজেলার কলমা ইউপির দরগাডাঙ্গাস্থা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (ইউএলও) তারেক আজিজ বলেন, রাস্তার পাশের সরকারি গাছ কাটতে নিষেধ করা হয়েছে। আর গাছকাটার যন্ত্রপাতি জব্দ করে গ্রাম পুলিশের হেফাজতে রাখা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। ই/তা
আপনার জেলার সংবাদ পড়তে