ময়মনসিংহে মাদক নিয়ে দ্বন্দ্ব; যুবককে ছুরিকাঘাতে হত্যা

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৬, ০৭:১১ পিএম
ময়মনসিংহে মাদক নিয়ে দ্বন্দ্ব; যুবককে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহে মাদক সংক্রান্ত বিরোধের জেরে সাদ্দাম হোসেন (৩৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আকুয়া ভাঙ্গারপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন একই এলাকার পান্নু মিয়ার ছেলে।

এ ঘটনায় অন্তর (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অন্তর  একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকুও উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আকুয়া ভাঙ্গারপুল এলাকায় অন্তরের দোতলা বাসার থাকার কক্ষে যান সাদ্দাম। সেখানে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারি শুরু হয়। একপর্যায়ে অন্তর হাতে থাকা চাকু দিয়ে সাদ্দামের বুক ও পেটে উপর্যোপরি ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাদ্দামকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়।


ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তর নামে এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকুও উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে মামলাও প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

আপনার জেলার সংবাদ পড়তে