পাবনার ঈশ্বরদীতে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মো. মিজানুর রহমান নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) দুপুরে পাবনার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক জনাব আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দীন খান এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মিজানুর রহমান ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ী গ্রামের আলহাজ্ব মোড়ের পশ্চিম পাড়ার হাসেম প্রামাণিকের ছেলে। রায়ের সময় আসামি মিজানুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। এসময় আদালত তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে আসামিকে নিজ এলাকা থেকে আটক করে ঈশ্বরদী থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়। যার জিআর নং-১০৯/১৩। দীর্ঘ শুনানি শেষে আজকে রায় ঘোষণা করা হয় । মামলায় আসামিপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রাজিউর রহমান রঞ্জু।