নিরাপদ ও সর্বজনীন আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করে সিলেটকে একটি সবুজ, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৫ অক্টোবর) সিলেটে বিশ্ব বসতি দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে বর্ণাঢ্য র্যালি, বেলুন উড্ডয়ন, আলোচনা সভা ও ইসিপিএসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, প্রকৌশলী, স্থপতি, নগর পরিকল্পনাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “স্মার্ট ও টেকসই সিলেট গড়ার প্রত্যয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি বলেন, দ্রুত বর্ধনশীল নগরগুলোতে নিরাপদ বাসস্থান নিশ্চিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। প্রতিটি নাগরিকের জন্য সর্বজনীন বাসস্থানের সুযোগ সৃষ্টি ও আধুনিক নগর সুবিধা সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর।
সিলেটকে বাসযোগ্য, সবুজ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান বাস্তবায়নের কথাও জানান তিনি। অনুষ্ঠানে বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ণের কারণে নগরজীবনে যানজট, জলাবদ্ধতা, পরিবেশদূষণ ও আবাসন সংকটসহ নানা সমস্যা তৈরি হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় নগর পরিকল্পনায় পরিবেশ সুরক্ষা, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মফিজুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমদ, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সায়েম প্রধান শামীম (পিপিএম), গণপূর্ত বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী আবু জাফর প্রিনঞ্চ, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, জালালাবাদ গ্যাসের পরিচালক মো. বদরুজ্জামান সেলিম এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. সাদিউর রহিম জাদিদ। আলোচনা সভা শেষে নগরীতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রকৌশলী, স্থপতি, নগর পরিকল্পনাবিদ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দিবসটি উপলক্ষে তরুণ প্রজন্মকে পরিকল্পিত নগরায়ণে সম্পৃক্ত করতে চিত্রাঙ্কন, আবাসনবিষয়ক ভাবনা প্রতিযোগিতা, মডেল ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে নগরায়ণসংক্রান্ত ৩০টিরও বেশি ভাবনা জমা পড়েছে। প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
কর্মসূচিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও লিডিং ইউনিভার্সিটির পুরকৌশল ও স্থাপত্য বিভাগ, ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ইন্সটিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ, ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, সিলেট অ্যাপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। আবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানও এতে সহযোগিতা করছে।