এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : নীলফামারীর সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটে সম্প্রতি একটি স্বর্ণ ও মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পাহারাদার থাকার পরও কীভাবে মার্কেটের দোকানে চুরির ঘটনা ঘটল এ নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। বিষয়টি প্লাজার প্রকল্প পরিচালক আলহাজ্ব গুলজার আহমেদকে অবহিত করা হলেও এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে এ অভিযোগের বিষয়ে প্রকল্প পরিচালকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এদিকে চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পর্যায়ক্রমে আন্দোলন করে আসছেন প্লাজার ব্যবসায়ীরা। একই সঙ্গে চুরি যাওয়া মালামালের ক্ষতিপূরণ দাবি করছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
এরই ধারাবাহিকতায় ক্ষতিপূরণের দাবিতে ৫ অক্টোবর সৈয়দপুর প্লাজার সামনে শেরে বাংলা সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা। এতে ব্যস্ততম সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ছোট যানবাহনের চালকসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
ব্যবসায়ীরা কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করে তাদের দাবি আদায়ের জন্য অবস্থান করেন। পরে ৭২ ঘণ্টার সময়সীমা বা আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন তারা। এ সময় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।