নীলফামারীর সৈয়দপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে বের হওয়া র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক।
সভায় শিক্ষকতার মর্যাদা, শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষা প্রদান এবং সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপরও গুরুত্বারোপ করা হয়। র্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা অংশ নেন।