চাঁদপুরে বিশ্ব বসতি দিবস পালিত

পরিকল্পিত ও পরিবেশবান্ধব বসতি গড়ার আহ্বান জেলা প্রশাসকের

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ০৩:২৫ পিএম
পরিকল্পিত ও পরিবেশবান্ধব বসতি গড়ার আহ্বান জেলা প্রশাসকের

‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস ২০২৩ পালিত হয়েছে। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ, চাঁদপুরের যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোমবার (৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো। অনুষ্ঠানের শুরুতে দিবসের তাৎপর্য ও সার্বিক বিষয় তুলে ধরেন উপস্থাপন করেন গণপূর্ত উপবিভাগীয় প্রকৌশলী ইমরান হোসেন।  

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান বলেন, কেবল বর্গফুট কিংবা আর্থিক হিসাব দিয়ে বসতি বা বাসস্থানের সার্বিক মান মূল্যায়ন করা যায় না। তিনি বলেন, “আমরা যারা শহরে থাকি, আমরা কি আসলে খুব ভালো থাকি? আমরা ভালো থাকতে পারি না। প্রতিটি জমির মালিক চান তাঁর জমির প্রতিটি বর্গইঞ্চি ব্যবহার করতে, যাতে কোনো জায়গা খালি না থাকে। এর ফলে কেবল যে বসবাসের সমস্যা হয় তা নয়, আমাদের মারাত্মক স্বাস্থ্যগত ও মানসিক ক্ষতিও হয়।”  

জেলা প্রশাসক আলো-বাতাসের গুরুত্ব তুলে ধরে আরও বলেন, “আমাদের শরীরের জন্য ভিটামিন ডি, সূর্যের আলো ও পর্যাপ্ত আলো-বাতাস প্রয়োজন। কিন্তু আমরা স্থান বা এরিয়া বাড়ানোর চক্করে সব বন্ধ করে দিচ্ছি, যা আমাদের জন্য ক্ষতিকর।নগরকেন্দ্রিক মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা নগরায়ণ করছি কিন্তু তা টেকসইভাবে হচ্ছে না। গ্রামে এখনও অনেক খোলামেলা পরিবেশ, গাছপালা ও জলাশয় রয়েছে। গ্রামের রাস্তাঘাট ও সুপেয় পানির ব্যবস্থা ভালো করে যদি নগরের সুবিধাগুলো পৌঁছে দেওয়া যায়, তবে আমরা শারীরিকভাবে ও মানসিকভাবে অনেক ভালো থাকতে পারব। তাই শুধু শহরমুখী না হয়ে আমাদের গ্রামমুখী হতে হবে এবং পরিবেশের কথা আলাদাভাবে চিন্তা করতে হবে।”  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর। অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।   আলোচনা সভার আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীবৃন্দ অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে