চাঁদপুরের স্টেডিয়াম রোডে পার্কিংহীন বেসরকারি হাসপাতাল, জনদুর্ভোগ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৬, ০৭:২৪ পিএম
চাঁদপুরের স্টেডিয়াম রোডে পার্কিংহীন বেসরকারি হাসপাতাল, জনদুর্ভোগ

চাঁদপুর জেলা শহরের অন্যতম ব্যস্ততম স্টেডিয়াম সড়ক এখন স্থানীয় বাসিন্দা এবং পথচারীদের জন্য এক আতঙ্কের নাম। বিশেষ করে স্টেডিয়াম সড়কের ‘আবুলের দোকান’ সংলগ্ন এলাকা থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন পয়েন্টে প্রতিনিয়ত লেগে থাকা তীব্র যানজটে স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। বহু তলা বিশিষ্ট ভবনগুলোতে গড়ে ওঠা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকায় এ ভোগান্তি চরমে পৌঁছেছে।

স্থানীয়বাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্টেডিয়াম সড়কের দু'পাশে গড়ে ওঠা বহুতল ভবনের প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে প্রতিদিন শত শত রোগী ও তাদের স্বজনরা আসেন। কিন্তু নিজস্ব কোনো পার্কিং সুবিধা না থাকায় অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, সিএনজি এবং রিকশা মূল সড়কের ওপরই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। সপ্তাহের বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এই যানজট এমন ভয়াবহ রূপ নেয় যে মানুষকে দীর্ঘ সময় একই স্থানে আটকে থাকতে হয়। এ অবস্থায় জরুরি চিকিৎসাসেবা নিতে আসা রোগী এবং আবাসিক এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

শুধু যানজটই নয়, বেসরকারি এসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সেবার মান ও ফি নিয়েও দেখা দিয়েছে চরম অসন্তোষ। স্থানীয়দের অভিযোগ, জেলায় গড়ে ওঠা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল পরিচালনা সমিতি নিজেদের মনগড়া রেট নির্ধারণ করে রোগীদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায় করছে। সরকারি কোনো সুনির্দিষ্ট নীতিমালা তোয়াক্কা না করে এবং তদারকি না থাকায় পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসার নামে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগী মহল ও স্থানীয় বাসিন্দারা দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তারা চাঁদপুর-৩ আসনের স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সড়কের পাশে অবৈধ পার্কিং বন্ধ, যানজট নিরসন এবং বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সরকারি নীতিমালা বাস্তবায়নে কার্যকর তদারকি অত্যন্ত জরুরি।

আপনার জেলার সংবাদ পড়তে