জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাঙচুর, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৬, ০৭:১৮ পিএম
জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাঙচুর, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর ও ফার্নিচারের দোকানে ভাঙচুরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন রংপুর নগরীর মাহিগঞ্জ সাতমাথা এলাকার কাইদাহারা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন। রোববার বিকেলে রংপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তার চাচা আবু তালেবের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বিভিন্ন সময়ে তাকে হয়রানি ও হামলার শিকার হতে হয়েছে।

আনোয়ার হোসেনের অভিযোগ, গত ২৯ সেপ্টেম্বর সকালে তার ভাইসহ বহিরাগত আশরাফুল, হান্নান, পারভেজ, আল আমিন, কাশেম, মহসিনসহ কয়েকজন তার ওপর হামলা চালান। এর আগে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় দুর্বৃত্তরা তার ফার্নিচার তৈরির দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং আসবাবপত্র লুটের পাশাপাশি ক্যাশ বাক্স নিয়ে যায় বলে দাবি করেন আনোয়ার। ওই ক্যাশ বাক্সে ব্যবসার প্রায় এক লাখ টাকা ছিল বলেও জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, দোকানে হামলা ও ভাঙচুরের সময় বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এ সময় তার মা আয়শা খাতুনকেও বেধড়ক মারধর করা হয়। পরে আহত আনোয়ার হোসেন ও তার মা আয়শা খাতুনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরো বলেন,আমার রক্ত দিয়ে গোসল করার পরিকল্পনায় করছে দুর্বৃত্তরা।আমাকে হত্যা করা হলে এই লোকগুলো দায়ী থাকবেন। কারণ এছাড়া আমার আর কোন শত্রু নেই।  সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে