হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা সোনার মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের ২১ নম্বর গেইট সংলগ্ন ৪ নম্বর বোর্ডিং ব্রিজের নিচের অ্যাপ্রোন এলাকায় অভিযান চালিয়ে এসব সোনার বার উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা বিমানবন্দরে অবস্থান নেন। পরে সন্দেহভাজন দুই বিমানকর্মীর জুতায় তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০টি সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সোনার বারগুলো এমিরেটস এয়ারলাইন্সের ইকে০৫৮২ ফ্লাইটের দুই বিমানকর্মীর জুতার ভেতরে লুকানো ছিল। তারা হলেন মো. মানিক মিয়া ও মো. মিজানুর রহমান। দুজনই এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার হিসেবে কর্মরত।
কর্মকর্তারা জানান, উদ্ধার করা প্রতিটি সোনার বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। ৮০টি বারের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
বিমানকর্মীদের জুতার ভেতর সোনার বার লুকিয়ে চোরাচালানের ঘটনায় কারা জড়িত, সোনাগুলো কোথা থেকে এসেছে এবং কার কাছে পৌঁছানোর কথা ছিলএসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।