শ্রীমঙ্গলে জলাভূমি ও প্লাবনভূমিতে মাছের পোনা অবমুক্ত

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬, ০৩:৩৫ পিএম
শ্রীমঙ্গলে জলাভূমি ও প্লাবনভূমিতে মাছের পোনা অবমুক্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি,  বর্ষাপ্লাবিত ধানক্ষেত,  প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ২৬৩ দশমিক ১৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

শনিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর, বাইক্কা বিল, হাইল হাওর ও তৎসংলগ্ন প্লাবনভূমিতে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের স্থানীয় সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন, শ্রীমঙ্গল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিনহাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ১১টি প্রাতিষ্ঠানিক পুকুরসহ বাইক্কা বিল, হাইল হাওর ও সংলগ্ন প্লাবনভূমিতে পর্যায়ক্রমে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এসব জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবৃদ্ধির সুযোগ সৃষ্টি, প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রাপ্যতা বাড়ানো এবং স্থানীয় জনগোষ্ঠীর মাছের চাহিদা পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাইক্কা বিল ও হাইল হাওরসহ শ্রীমঙ্গলের বিভিন্ন জলাভূমি দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আবাসস্থল। বর্ষা মৌসুমে এসব জলাভূমি ও প্লাবনভূমি পানিতে ভরে উঠলে মাছের প্রজনন ও বিচরণ ক্ষেত্রও সম্প্রসারিত হয়। এ সময় পরিকল্পিতভাবে পোনা অবমুক্ত করা হলে প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, শ্রীমঙ্গলের বাস্তবায়নে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে জলাভূমির মৎস্যসম্পদ সমৃদ্ধ করার পাশাপাশি স্থানীয় মানুষের পুষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখবে বলে আশা করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে