ঝিনাইদহের কোটচাঁদপুরে মরহুম সিরু মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে। ফাইনালে কোটচাঁদপুর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আলমডাঙ্গা মন্ডল স্পোর্টিং ক্লাব।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটে কোটচাঁদপুর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির নয়নের হাতে বল লাগায় পেনাল্টি পায় আলমডাঙ্গা মন্ডল স্পোর্টিং ক্লাব। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন আলমডাঙ্গার মন্ডল স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়। এরপর গোল পরিশোধে কোটচাঁদপুরের খেলোয়াড়রা একাধিক আক্রমণ করলেও আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের ব্যবধানে জয় পায় আলমডাঙ্গার দল। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আলমডাঙ্গা মন্ডল স্পোর্টিং ক্লাবের নাইজেরিয়ান খেলোয়াড় ফিরলা। আর পুরো টুর্নামেন্টে নৈপুণ্যের জন্য ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কোটচাঁদপুর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির টোফেল। ফাইনাল ম্যাচ ঘিরে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় বিএনপির সহতথ্য ও গবেষণা বিষায়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল, মহেশপুর পৌর বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি এবং স্থানীয় নেতৃবৃন্দ। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন ফরহাদ রেজা। সহযোগী রেফারি ছিলেন মেহেদী হাসান ও ইসমাইল হোসেন। গত দুই মাস ধরে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মোট ৮টি ফুটবল দল অংশগ্রহণ করে।