হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কোটি ১০ লাখ টাকা মূল্যের সোনার বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে এক যাত্রীকেও আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে টিস্যুতে মোড়ানো নয়টি সোনার বার, যার মোট ওজন প্রায় ১ কেজি ৫০ গ্রাম।
বৃহস্পতিবার, ১ অক্টোবর রাত ১১টা ২০ মিনিটে বিমানবন্দরের অ্যাভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে এই অভিযান চালানো হয়। শুক্রবার, ২ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কাস্টমসের এয়ারপোর্ট ইউনিট জানায়, অভিযানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার শার্টের পকেট ও কোমরের বেল্টে বিশেষভাবে টিস্যুতে মোড়ানো অবস্থায় নয়টি সোনার বার পাওয়া যায়।
উদ্ধার করা সোনার মোট ওজন প্রায় ১ কেজি ৫০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।
তল্লাশির সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। কাস্টমসের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুর রহমানের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টতার অভিযোগে আরও এক যাত্রীকে আটক করা হয়। আটক ওই যাত্রীর পরিচয় প্রকাশ করা হয়নি।
এ ঘটনায় বিমানকর্মী ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনি বিধানের আওতায় পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে এনবিআর।