ঈশ্বরদীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

এফএনএস (সেলিম আহমেদ; ঈশ্বরদী, পাবনা) : | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬, ০৫:০৬ পিএম
ঈশ্বরদীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

পাবনার ঈশ্বরদীতে পূর্বটেংরি বালিকা উচ্চ বিদ্যালয়ের এএসসি পরীক্ষা-২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১লা অক্টোবর) দুপুরে পূর্বটেংরি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ।  পূর্বটেংরি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, ঈশ্বরদী পৌর বিএনপির আহবায়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশের  সভাপতিত্বে ও শিক্ষক আসাদুজ্জামান বকুলের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক মোঃ জোমসেদ আলীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক।

বক্তারা বলেন, পূর্বটেংরি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এএসসি পরীক্ষায় ৭৮ জন অংশ নিয়ে ১৭ জন কৃতিত্বের সাথে জিপিএ-৫ পেয়েছে। এই স্কুল থেকে আগামীতে আরও বেশি মেয়েরা জিপিএ-৫ পেতে পড়াশোনায় মনোযোগী হতে হবে। শুধু জিপিএ- ৫ পেলেই শেষ নয়। এখন থেকে প্রকৃত মানুষ হিসেবে তোমাদেরকে গড়ে উঠতে হবে। আগামীতে ভালোভাবে পড়াশোনা করে আজকের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

সভাপতি বলেন, ফ্যাসিস্ট সরকার অবৈধ ভাবে দীর্ঘদিন দেশ পরিচালনা করে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। স্কুল-কলেজের ছেলেমেয়েদের পড়াশোনায় মনোযোগী করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বিএনপি সরকার ক্ষমতায় এলেই শিক্ষার মান উন্নয়ন হয়। স্কুল কলেজ থেকে বিমুখকৃত শিক্ষার্থীরা এখন স্ব স্ব প্রতিষ্ঠান মুখি হচ্ছে। 

এদেশের শিক্ষাব্যবস্থাটি এমন ভাবে গঠন করা হয়েছে, যাতে আন্তর্জাতিক ও দেশীয় একটি মহল আমাদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এর ফলে শিক্ষার্থীরা প্রকৃত দক্ষতা ও যোগ্যতা অর্জনে ব্যর্থ হচ্ছে, যা দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ সময় বক্তব্য রাখেন,  সহকারী পরিদর্শক পাবনা, মোখলেসুর রহমান, বিএনপি নেতা রফিকুল ইসলাম নয়ন, সরকারি প্রধান শিক্ষক রাইদুল ইসলাম, শিক্ষক আব্দুল মজিদ, আসাদুজ্জামান আসাদ, নুর বক্সা শাহ, সুলতানা লায়লা ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।

আপনার জেলার সংবাদ পড়তে