ঝিনাইদহের শৈলকুপায় পানির ডোবায় পড়ে নদী খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ছোট ধলহরাচন্দ্র গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নদী খাতুন ওই গ্রামের রাজু আহমেদের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে নিজ বাড়ির পাশে খেলছিল শিশু নদী খাতুন। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পশ্চিম পাশে একটি পানির ডোবায় শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পায় তারা। সেখান থেকে দ্রুত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুর বাবা রাজু আহমেদ বলেন, বিকেল ৩টার দিকে তার মেয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পশ্চিম পাশের পানির ডোবা থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, বাড়ির পাশের পানির ডোবায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে শুনেছি।