সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁদা দাবি, গ্রেফতার ২

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২২ পিএম
সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁদা দাবি, গ্রেফতার ২

মৌলভীবাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে নারী উদ্যোক্তা মেলার স্টল মালিক ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ইমরান আহমেদ (২০) ও মাসুম আহমদ (১৯)।

পুলিশ জানায়, ২৯ সেপ্টেম্বর রাতে মৌলভীবাজার পৌরসভার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে চলমান নারী উদ্যোক্তা মেলায় গিয়ে তারা নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দেন। এ সময় ওয়াকিটকি, আইডি কার্ড ও সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবি দেখিয়ে বিভিন্ন স্টল মালিক ও ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন। টাকা না দিলে গ্রেফতার ও হয়রানির ভয় দেখানোর অভিযোগও রয়েছে। বিষয়টি সন্দেহজনক মনে হলে মেলায় উপস্থিত ব্যবসায়ী ও দর্শনার্থীরা তাদের আটক করেন। এ সময় তাদের দুই সহযোগী পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়। পুলিশ তাদের কাছ থেকে একটি  ওয়াকিটকি, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ প্যান্ট ও টি-শার্ট, আইডি কার্ডের তিনটি ছবি এবং তিনটি মোবাইল ফোন জব্দ করেছে। সদর মডেল থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় মেলা আয়োজক কমিটির সদস্য নাহিদ আহমেদের লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা হয়েছে। পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে আইনগত কার্যক্রম চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে