এশিয়ান গেমসের তৃতীয় কোয়ার্টার ফাইনালও পরিত্যক্ত হয়েছে। বৃষ্টির কারণে মাঠে গড়াতে পারেনি শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার ম্যাচটি। ফলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচ না খেলেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা, স্বপ্নভঙ্গ হয়েছে নেপালের। জাপানের আইচি নাগোয়ার করোগি স্পোর্টস পার্কে বৃষ্টি বাধায় ম্যাচ অনুষ্ঠিত হতে পারেনি। টি-টোয়েন্টি ম্যাচে ফলাফল আনতে অন্তত পাঁচ ওভার খেলার নিয়ম থাকলেও বেরসিক বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। এমনকি করা যায়নি টসও। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, কোনো ম্যাচ বৃষ্টি বা অন্য কোনো কারণে পরিত্যক্ত হলে এবং কোনো ফলাফল না আসলে, দুই দলের মধ্যে যে দলটির আইসিসি র্যাঙ্কিং বা টুর্নামেন্ট সিডিং উচ্চতর থাকে, তারা পরবর্তী রাউন্ডে চলে যাবে। শ্রীলঙ্কা টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নয়ে অবস্থানে রয়েছে। অন্যদিকে ১৪তম স্থানে রয়েছে নেপাল। তাই না খেলেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হলো নেপালকে, সেমিতে পৌছে গেল লঙ্কানরা। টুর্নামেন্টের গ্রুপপর্বে আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল নেপাল। বৃষ্টিতে ম্যাচ খেলতে না পারায় নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে তারা। অন্যদিকে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলা শ্রীলঙ্কা সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারতকে। এর আগে টুর্নামেন্টের প্রথম দুই কোয়ার্টার ফাইনালও পরিত্যক্ত হয়। সেখানে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান ও ভারত। বিদায় নিশ্চিত হয় হংকং চায়না ও আফগানিস্তানের।