পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক কারবারি কামরুল গ্রেপ্তার

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১২ পিএম
পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক কারবারি কামরুল গ্রেপ্তার

যশোরের অভয়নগরে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এবং ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক কারবারি কামরুল ইসলাম (ওরফে ‘মাদক কামরুল’)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বার) দুপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে নওয়াপাড়া ৬ নম্বর ওয়ার্ড গুয়াখোল একটি মটরসাইকেল গ্যারেজ থেকে তাকে আটক করা হয়। সাব-ইন্সপেক্টার (এসআই) গোলাম রসুলের নেতৃতে এ অভিযান পরিচালিত হয়। আটক কামরুল ইসলাম নওয়াপাড়া গুয়োখালো এলাকার মৃত আব্দুল গনীর ছেলে। তিনি নওয়াপাড়া পৌর বাস্তহারা লীগের সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কামরুল ইসলামের বিরুদ্ধে অভয়নগর থানাসহ বিভিন্ন থানায় ১৪ টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সমপ্রতি যশোর জেলা পুলিশের প্রকাশিত শীর্ষ মাদক ব্যবসায়ীদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়। এবং তাকে ধরিয়ে দিতে বা গ্রেপ্তারে তথ্য দিলে ২৫ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছিল।

অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যশোর জেলা পুলিশের তালিকাভুক্ত ও পুরস্কার ঘোষিত মাদক কারবারি কামরুল হাসান ওরফে ইয়াবা কামরুলকে মঙ্গলবার দুপুর ১ টার পরে গ্রেপ্তার করা হয়। তিনি মাদকসহ ১৪টি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাস্তহারা লীগ নওয়াপাড়া পৌর শাখার সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন তিনি।   তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

আপনার জেলার সংবাদ পড়তে