ডেঙ্গু প্রতিরোধে জিরো টলারেন্স

চাঁদপুর ডিসির কঠোর বার্তা, লঞ্চ ও হোটেল-রেস্তোরাঁয় যৌথ অভিযান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫১ এএম
চাঁদপুর ডিসির কঠোর বার্তা, লঞ্চ ও হোটেল-রেস্তোরাঁয় যৌথ অভিযান

ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতিতে জেলাকে মশামুক্ত রাখতে এবং সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে চাঁদপুর জেলা প্রশাসন, হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি এবং বিআইডব্লিউটিএ-এর মধ্যে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, “ডেঙ্গুর বিস্তার রোধে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না। প্রতিটি রেস্তোরাঁ ও হোটেলের সামনে নির্ধারিত স্থানে ঢাকনাযুক্ত ময়লার ঝুড়ি বা ড্রাম রাখতে হবে এবং তা নিয়মিত পরিষ্কার করা বাধ্যতামূলক। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন ও স্টাফদের নির্দিষ্ট পোশাক পরা নিশ্চিত করতে হবে।” হোটেলের ভেতরের ও বাইরের আঙিনা সম্পূর্ণ পরিষ্কার রাখার নির্দেশ দিয়ে তিনি সতর্ক করে বলেন, ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র তৈরি হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও ঘোষণা দেন, মশার বংশবিস্তার রোধে মঙ্গলবার থেকেই জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট ও অভিযান শুরু হচ্ছে।

সভায় স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল ছিদ্দিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপংকর বাড়ৈ, বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তা মো. কামরুল ইসলাম ও পরিবহন পরিদর্শক আ. মান্নান উপস্থিত থেকে লঞ্চঘাট ও নৌযানগুলোতে নিয়মিত মশক নিধন ওষুধ ছেটানো ও পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। হোটেল-রেস্তোরাঁ ও লঞ্চ মালিক সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি হাজী নুরুল আলম লালু, সাধারণ সম্পাদক হাজী মাসুদ আখন্দ, সহ-সভাপতি মোহাম্মদ আজাদ মিঞা ও সম্পদ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান আখন ও মো. জাহিদুল হক মিলন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহমুদ খান অপু, দপ্তর সম্পাদক মো. শরিফুল ইসলাম মামুন, সমাজকল্যাণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং কার্যকরী সদস্য মো. মহসিন আখন্দ।

এছাড়া লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি দ্বিন মো. জিল্লু, মো বিপ্লব সরকার, মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ মৌসুমী সুইটসের ম্যানেজার মো. ফারুক হোসেন, কাশ্মীরী সুইট অ্যান্ড লাইভ বেকারির স্বত্বাধিকারী মো. লিটন ও আবরার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের প্রতিনিধিসহ জেলা রেস্তোরাঁ মালিক সমিতির শীর্ষ নেতারা সভায় অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে