আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) নাম নিবন্ধন করে টাইগার স্পিডস্টার নাহিদ রানা, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। এপিএলের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে জানানো হয়েছে তাদের নাম নিবন্ধনের বিষয়ে। এর আগে নাম লিখিয়েছিলেন তাসকিন আহমেদও। এপিএলের প্রথম আসরের জন্য খেলোয়াড়দের নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। ৫ অক্টোবর পর্যন্ত খেলোয়াড়েরা নাম নিবন্ধন করতে পারবেন অফিসিয়ালি জানানো হয়েছে। এরইমধ্যে বেশকিছু তারকা ক্রিকেট নাম লিখিয়েছেন। তাদের মধ্যে আছেন দুনিথ ওয়েল্লালাগে, চারিথ আসালঙ্কা, লুক উড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আলজারি জোসেফরা। নাহিদ রানাকে স্পিডস্টার আখ্যা দিয়ে নাম নিবন্ধন নিয়ে এপিএল কর্তৃপক্ষ লিখেছে, ‘বাংলাদেশি স্পিডস্টার নাহিদ রানা এপিএল টি-টোয়েন্টিতে নাম নিবন্ধন করেছেন।’ মুশফিকুর রহিমের নাম নিবন্ধন বিষয়টি এক পোস্টে নিশ্চিত করেছে তারা। আলাদা পোস্টে মুস্তাফিজের নাম লেখানোর বিষয়টি নিশ্চিত করে এপিএল কর্তৃপক্ষ। এর আগেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন মুশফিকুর রহিম। পিএসএলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন নাহিদ রানাও। আইপিএল, পিএসএলসহ বিভিন্ন দেশের লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে মুস্তাফিজের। এছাড়া তাসকিন আহমেদও খেলেছেন বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। আগামী ২৭ ডিসেম্বর পর্দা ওঠার কথা আফগানিস্তান প্রিমিয়ার লিগের। এরইমধ্যে নিশ্চিত হয়েছে টুর্নামেন্টের ৩ দল। তারা হলো আকসেল ইউনাইটেড কাবুল, বালখ জোয়ানান এবং কান্দাহার ওয়ারিয়র্স।