গৃহিনী হত্যা পিরোজপুরে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫১ পিএম
গৃহিনী হত্যা পিরোজপুরে  ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

এক গৃহিনীকে হত্যার দায়ে পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত তিন আসামীকে  যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে। দন্ডপ্রাপ্তরা হলো জেলার মঠবাড়িয়া উপজেলার সাফা গ্রামের মৃত আঃ রাজ্জাক সিকদারের ছেলে রাজু সিকদার, বরিশালের বানারীপাড়া উপজেলার মলুহার গ্রামের কাঞ্চন ঘরামীর ছেলে মো: ইমরান ও মেয়ে জোস্না বেগম। আজ সোমবার দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মজিবুর রহমান ওই রায় দেন। 

আদালত সূত্রে জানা গেছে, দন্ডপ্রাপ্ত জোৎস্না পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাহুতকাঠী গ্রামে মো: বেল্লাল আকনের বাসায় কাজ করতো। দন্ডপ্রাপ্ত রাজু জোৎস্নার স্বামী পরিচয়ে প্রায়ই ওই বাসায় যেত। ২০১৮ সালের ২৪ নভেম্বর জোৎস্নার সাথে বেল্লালের স্ত্রী মাকসুদা বেগমের কথা কাটাকাটি ও মনোমালিন্য হওয়ায় সেই প্রতিশোধ নিতে ২৫ নভেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে রাজু ও জোৎস্নার ভাই ইমরান ওই বাড়িতে ঢুকে মাকসুদাকে এলোপাতারি মারপিট ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। প্রতিবেশীরা তাকে রক্তাক্ত অবস্থায় নেছারাবাদ স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মুত্যু হয়। এ ঘটনায় ওই তিনজনকে আসামী করে নেছারাবাদ থানায় মামলা হয়। আদালতে সাক্ষ্য প্রমানে দোষী সাব্যস্ত হলে তিনজনকে আদালত যাবজ্জীবন কারাদন্ড দেন। 

ওই রায়ের বিষয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন বলেন, গৃহিনী মাকসুদা হত্যার সাথে তিনজন জড়িত ছিলো এবং আদালত তিনজনকেই তাদের প্রাপ্য সাজা দিয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে