কুড়িগ্রামের রাজিবপুরে উপজেলা পর্যায়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক, মাদ্রাসা এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে উপজেলা হলরুমে পর্যায়ক্রমে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চিত্রাঙ্কন, রচনা লেখা, কবিতা আবৃত্তি, নৃত্য, অভিনয়, সংগীত, ইসলামি সংগীত/গজল, হামদ-নাত, নির্ধারিত বক্তৃতা ও উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্মের বিভিন্ন দিক উঠে আসে।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা প্রতিযোগিতা পরিচালনা ও ব্যবস্থাপনায় সহযোগিতা করেন।
আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করা এবং তাঁর অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানটি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।