চাঁদপুর জেলাজুড়ে কিশোর গ্যাং, অপরাধপ্রবণতা এবং জনশৃঙ্খলা বিঘ্নিতকারী কর্মকাণ্ড প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে ৩৭০ জনকে আটক করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা (ডিবি)।
রোববার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশক্রমে এবং চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় চাঁদপুর সদর মডেল থানা সহ জেলাব্যাপী এ সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ মিডিয়া সেল থেকে জানানো হয়, উঠতি বয়সী কিশোরদের নানা অপকর্ম ও কিশোর গ্যাংয়ের বিস্তার রুখতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে সকল থানা ও ডিবি পুলিশের একাধিক দল একযোগে অংশ নেয়। আটককৃতদের বিষয়ে বিস্তারিত জানিয়ে পুলিশ জানায়, আটকদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে মাদক বা অন্যান্য সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অন্যদিকে, আটককৃতদের মধ্যে যারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়, তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছে। সন্তানকে সুপথে রাখা, নিয়মিত পড়াশোনায় মনোযোগী করা এবং অপরাধমূলক কাজ থেকে দূরে রাখার বিষয়ে বুঝিয়ে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে।
কিশোর অপরাধ নিয়ন্ত্রণে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে পুলিশ প্রশাসন জানায়, জেলার জননিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।