ইসরায়েল ম্যাচ বয়কট করলো আইরিশ গোলরক্ষক

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১০ এএম
ইসরায়েল ম্যাচ বয়কট করলো আইরিশ গোলরক্ষক

ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালানোর দায়ে অভিযুক্ত ইসরায়েলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছিল আয়ারল্যান্ড ফুটবলারদের একাংশ। শেষ পর্যন্ত খেলোয়াড়দের ভোটাভুটিতে ম্যাচটি খেলার পক্ষে সিদ্ধান্ত হয়েছে। তবুও ম্যাচটি বয়কটের সিদ্ধান্তে অটল নিয়মিত গোলরক্ষক গ্যাভিন বাজুনু। ফলে তার জায়গায় দলের রিজার্ভ গোলরক্ষক হিসেবে রাখা হয়েছে ডিফেন্ডার জিমি ডানকে। উয়েফার নিয়ম অনুযায়ী, নেশন্স লিগের ম্যাচগুলোর জন্য দলগুলোকে তিনজন গোলরক্ষকের নাম নিবন্ধন করতে হয়। আয়ারল্যান্ডের কোচ হেইমির হালগ্রিমসন স্বীকার করেছেন যে, বাজুনুর পাশাপাশি আরও কোনো খেলোয়াড় বয়কটের পথে হাঁটবেন কি না সেটি জানেন না। কারণ অন্তত ছয়জন খেলোয়াড় এ বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। আবার, উয়েফার নিয়ম মেনে হালগ্রিমসনকে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করতে হয়েছে। উয়েফা নেশন্স লিগের ম্যাচে হাঙ্গেরির নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও ইসরায়েল। মাঠে নামলেও ‘সংঘাতময় পরিস্থিতিতে প্রাণ হারানো সব মানুষের’ প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো বাহুবন্ধনী পরে খেলবেন আইরিশ ফুটবলাররা। গাজায় ইসরায়েলের যুদ্ধের সবচেয়ে সরব সমালোচকদের মধ্যে আয়ারল্যান্ড অন্যতম। তাদের বিপক্ষে ম্যাচ না খেলার জন্য ফুটবল দলের প্রতি আহ্বান জানিয়ে দেশটিতে এরই মধ্যে বেশ কয়েকটি বিক্ষোভও হয়েছে। ফুটবলারদের মাঝে বয়কটের প্রাথমিক সূচনা হয়েছিল গোলরক্ষক গ্যাভিন বাজুনুর অবস্থান ঘিরে। ২৪ বছর বয়সী এই ফুটবলার গাজায় ইসরায়েলি আগ্রাসনকে ‘নৃশংসতা’ আখ্যা দিয়ে ম্যাচটিতে অংশ নিতে অস্বীকৃতি জানান। বাজুনু নিজের অবস্থান জানিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘নিজের দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে সবচেয়ে বড় বিষয়। তবে আমি এমন একটি সিদ্ধান্তে পৌঁছেছি যা হালকাভাবে নেওয়া হয়নি। নিরপরাধ মানুষকে হত্যা করা ভুল, আমার এই নীতিগত অবস্থানের কারণেই ইসরায়েলের বিরুদ্ধে খেলা আমার পক্ষে অসম্ভব।’

আপনার জেলার সংবাদ পড়তে