একজন কৃষকের কাছে একটি গাছ শুধু গাছ নয়-এর সঙ্গে জড়িয়ে থাকে তার ঘাম, শ্রম, ঋণ, আশা আর পরিবারের ভবিষ্যতের স্বপ্ন। সেই স্বপ্নই রাতের আঁধারে কেটে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। ঝিনাইদহের শৈলকুপায় শত্রুতার জেরে কৃষক মাসুম আলীর প্রায় ১৫০টি ফলন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে তার প্রায় ৮০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজনগর গ্রামের, কৃষক মাসুম আলী প্রায় ৩০ শতক জমিতে ২০০টি কলাগাছ রোপণ করে দীর্ঘদিন ধরে পরিচর্যা করে আসছিলেন। গাছগুলোতে সবেমাত্র থোড় আসতে শুরু করেছিল। আর কিছুদিন পরেই কলাগুলো বাজারে বিক্রির উপযোগী হতো।কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। শনিবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বাগানে ঢ়ুকে প্রায় ১৫০টি কলাগাছ কেটে ফেলে রেখে যায়। সকালে বাগানে গিয়ে নিজের পরিশ্রমের ফসল এভাবে মাটিতে পড়ে থাকতে দেখে ভেঙে পড়েন কৃষক মাসুম আলী।কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন গাছগুলোতে ফলন আসা শুরু করেছিল। আর কিছুদিন পর ফসল ঘরে তুলতে পারতাম। এরমধ্যেই রাতের আঁধারে আমার সব স্বপ্ন কেটে ধূলিসাৎ করে দিল দুর্বৃত্তরা।
টনার খবর পেয়ে মির্জাপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাকিব হোসেন ক্ষতিগ্রস্ত কলাবাগান পরিদর্শন করেছেন। তিনি ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগের কথা জানিয়েছেন। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা জানান, কলাগাছ কেটে ফেলার বিষয়টি অভিযোগ পাওয়া গেছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।