দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন দাবি ব্যবসায়ী ফোরামের

সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত, নতুন প্রশাসক নিয়োগ

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১৭ পিএম
সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত, নতুন প্রশাসক নিয়োগ

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) আগামী ৫ নভেম্বরের পরিচালনা পর্ষদ নির্বাচন স্থগিত করে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন চেম্বারের সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরী। এর আগে প্রশাসকের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। রোববার (২৭ সেপ্টেম্বর) সিলেট চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই দিনে নগরীর জেলরোডে চেম্বার ভবনের সামনে বাণিজ্য মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় সিলেট ব্যবসায়ী ফোরাম।

চেম্বারের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের ২৪ সেপ্টেম্বরের আদেশ অনুযায়ী আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য পরিচালনা পর্ষদ নির্বাচন বাতিল করা হয়েছে। একই তারিখের পৃথক আদেশে এজাজ আহমদ চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। নতুন প্রশাসক সদস্য অন্তর্ভুক্তি এবং সদস্যতালিকা হালনাগাদের কার্যক্রম পরিচালনা করবেন। এরপর নতুন করে নির্বাচনী তফসিল ও ভোটার তালিকা প্রণয়ন করে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সিলেট চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে এর আগেও দুবার তফসিল ঘোষণা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত কোনোবারই নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে এবার নতুন প্রশাসক নিয়োগের মাধ্যমে সদস্য অন্তর্ভুক্তি, ভোটার তালিকা হালনাগাদ এবং নতুন নির্বাচনী তফসিল প্রণয়নের প্রক্রিয়া শুরু হচ্ছে।

এদিকে নির্বাচন বারবার স্থগিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সিলেট ব্যবসায়ী ফোরাম। রোববার দুপুরে চেম্বার ভবনের সামনে উপস্থিত হয়ে ফোরামের নেতৃবৃন্দ বলেন, বারবার নির্বাচন স্থগিত হওয়ায় ঐতিহ্যবাহী এ বাণিজ্যিক সংগঠনের কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। একই সঙ্গে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা ও হতাশা তৈরি হয়েছে, যার ফলে ব্যবসায়ীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে নিরপেক্ষ ও সার্বজনীন নির্বাচন আয়োজনের স্বার্থে সরকার নতুন প্রশাসক নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি তারা পর্যবেক্ষণ করছেন বলে জানান ফোরামের নেতৃবৃন্দ।

তারা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরী দ্রুততম সময়ের মধ্যে সদস্যপদ ও ভোটার তালিকার ত্রুটি নিরসন করে হালনাগাদ তালিকা প্রণয়ন করবেন। এরপর অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হবে। ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দ আরও বলেন, একজন ব্যবসায়ী হিসেবে এজাজ আহমদ চৌধুরীর নেতৃত্বে চেম্বারের নিরপেক্ষতা ও আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং প্রকৃত ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার সুযোগ তৈরি হতে পারে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর সময় সিলেট ব্যবসায়ী ফোরামের যুগ্ম আহ্বায়ক আলীমুল এহছান চৌধুরী, প্রেসিডেন্ট পদপ্রার্থী জুবায়ের রাকিব চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কবির আহমেদ, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী নুরুল আলম, সদস্য সচিব মো. আব্দুল কাদির, অর্ডিনারি পরিচালক পদপ্রার্থী মাজহারুল ইসলাম, শামসুর রহমান কামাল, কামরুল হামিদ, তাজুল ইসলাম, হাফিজুর রহমান, সৈয়দ আব্দুল হামিদ, রুবেল আহমদ, গোলাম কিবরিয়া, মুক্তাদির ফাহাদ, অ্যাসোসিয়েট পরিচালক পদপ্রার্থী রেহান উদ্দিন রেহান, ইব্রাহিম খলিল, মামুনুর রশিদ মামুন, ফারেছ আহমেদসহ ফোরামের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন ব্যবসায়ী সদস্য উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে