নীলফামারীর সৈয়দপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সড়ক ও ড্রেন সংস্কারসহ নানা উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। দীর্ঘদিনের ক্ষতিগ্রস্ত সড়ক ও জলাবদ্ধতা নিরসনে এসব কাজ বাস্তবায়ন করা হচ্ছে। পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলার কঠোর নজরদারি ও নিয়মিত তদারকিতে উন্নয়নকাজগুলো এগিয়ে চলছে বলে পৌরসভা সূত্রে জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, পৌর এলাকার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ও ড্রেন সংস্কারের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এসব কাজের মান, অগ্রগতি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়মিত পর্যবেক্ষণ করছে পৌরসভার প্রকৌশল শাখা। বর্তমানে সৈয়দপুর থানার সামনে থেকে ওয়াপদা পর্যন্ত সড়ক সংস্কারের কাজ চলমান রয়েছে। একইভাবে বিচালিহাটি থেকে কলিম মোড় পর্যন্ত সড়ক উন্নয়নকাজ চলছে। এছাড়া সোহেল রানা মোড় থেকে মদিনা মোড় হয়ে তুলশীরাম সড়ক পর্যন্ত ড্রেন নির্মাণ ও সংস্কারের কাজ এবং কলিম মোড় থেকে মিস্ত্রীপাড়া মোড় পর্যন্ত ড্রেনের কাজ চলমান রয়েছে।
পৌরসভা সূত্রে জানা যায়, উন্নয়নকাজ বাস্তবায়নের ক্ষেত্রে কাজের গুণগত মান ও নির্ধারিত সময়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পৌর প্রশাসকের নির্দেশনায় প্রকৌশল শাখার কর্মকর্তারা সরেজমিনে কাজ পরিদর্শন করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।
সংশ্লিষ্ট উন্নয়নকাজের দেখভাল করছেন পৌরসভার প্রকৌশলী শাখা ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। পৌর এলাকার বাসিন্দারা বলছেন, গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেনগুলোর সংস্কার শেষ হলে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হলে বিভিন্ন এলাকার জলাবদ্ধতাও কমে আসবে বলে আশা করছেন তারা।
পৌর প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে পৌরসভার অন্যান্য প্রয়োজনীয় সড়ক ও ড্রেন সংস্কার এবং উন্নয়নকাজও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। সৈয়দপুর পোরসভার বিভিন্ন উন্নয়নমুলক কাজের বিষয়ে সাবেক পৌর কাউন্সিলর ও ব্যবসায়ী মো. আক্তার হোসেন ফেকু বলেন, ভাল কাজের প্রশংসা করতেই হবে। একযোগে অনেক স্থানে কাজ চলমান এটির প্রশংসার দাবিদার পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলাসহ পৌর কর্তৃপক্ষ।