যেসব ভুলে নষ্ট হচ্ছে আপনার পছন্দের গাছ

এফএনএস লাইফস্টাইল | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩১ এএম
যেসব ভুলে নষ্ট হচ্ছে আপনার পছন্দের গাছ

শখ করে পাতাবাহার বা ফুলের গাছ কিনে বারান্দায় রাখলেন। প্রথম কয়েক দিন গাছটিও বেশ সতেজ ছিল। সবুজ পাতায় ঘর ভরে উঠছে দেখে মনও ভালো হয়ে গেল। কিন্তু কিছুদিন যেতেই শুরু হলো সমস্যা। পাতা হলদে হয়ে ঝরে পড়ছে, গাছের সতেজ ভাব নেই, শেষ পর্যন্ত গাছটিও শুকিয়ে যাচ্ছে। তখন অনেকেই ভাবেন, নিয়মিত পানি দেওয়া সত্ত্বেও গাছটি কেন বাঁচল না? আসলে শুধু পানি বা সার দিলেই গাছ ভালো থাকে না। গাছের জন্য সঠিক পরিবেশও সমান জরুরি। বিশেষ করে টবে বা বারান্দায় গাছ রাখার ক্ষেত্রে আলো, বাতাস, টবের আকার, মাটির ধরন ও পানি নিষ্কাশনের বিষয়গুলো খেয়াল রাখা দরকার। নার্সারিতে যে গাছটি দেখতে বেশ সতেজ ছিল, বাড়িতে আনার পর তার পরিবেশ একেবারে বদলে যায়। নার্সারিতে পর্যাপ্ত আলো-বাতাস পাওয়া গাছটি হয়তো আপনার বারান্দায় সেই সুবিধা পাচ্ছে না। ফলে ধীরে ধীরে তার স্বাভাবিক বৃদ্ধিও ব্যাহত হতে পারে। তাই গাছ কেনার আগে শুধু দেখতে সুন্দর লাগছে কি না, তা দেখলেই হবে না। আপনার বারান্দায় কতটা রোদ আসে, দিনের কোন সময়ে আসে এবং বাতাস চলাচল কেমন-এসবও বুঝে গাছ বেছে নিতে হবে।


বারান্দায় যদি ভালো রোদ আসে

যে বারান্দায় দিনের বেশিরভাগ সময় সরাসরি সূর্যের আলো আসে, সেখানে রোদপছন্দ করা ফুলের গাছ রাখা যায়। সাধারণভাবে দক্ষিণমুখী বা খোলামেলা বারান্দায় আলো পাওয়ার সুযোগ বেশি থাকে। তবে পাশের উঁচু ভবন বা অন্য কোনো স্থাপনা থাকলে সেই আলো অনেকটাই আটকে যেতে পারে। দিনে প্রায় ৬ ঘণ্টা বা তার বেশি ভালো আলো পাওয়া যায় এমন জায়গায় জবা, গোলাপ, জুঁই, চন্দ্রমল্লিকা, বোগেনভেলিয়ার মতো ফুলের গাছ ভালোভাবে বেড়ে উঠতে পারে। অনেক সবজির গাছও এমন আলো পছন্দ করে। তবে গাছভেদে আলোর প্রয়োজন আলাদা, তাই কেনার সময় নার্সারির কর্মীর কাছ থেকে নির্দিষ্ট গাছটির আলো ও যত্নের প্রয়োজন জেনে নেওয়া ভালো।


আংশিক রোদ হলে

আপনার বারান্দায় যদি শুধু সকাল অথবা বিকালের দিকে রোদ আসে, তাহলে একেবারে রোদপ্রিয় গাছ না বেছে আংশিক আলোতে ভালো থাকে এমন গাছ বেছে নিতে পারেন। পিস লিলি, মানি প্ল্যান্ট কিংবা বিভিন্ন ধরনের ফার্ন এমন জায়গায় মানিয়ে নিতে পারে। উজ্জ্বল কিন্তু পরোক্ষ আলোও অনেক পাতাবাহার গাছের জন্য ভালো। যেমন পেন স্টেট এক্সটেনশনের তথ্য অনুযায়ী, মানি প্ল্যান্ট বা পোথোস সাধারণত মাঝারি থেকে উজ্জ্বল পরোক্ষ আলোতে ভালো থাকে।


বারান্দায় রোদ খুব কম হলে

অনেক ফ্ল্যাটের বারান্দায় পাশের ভবনের কারণে সরাসরি সূর্যের আলো ঢোকে না। এমন জায়গায় রোদপছন্দ করা ফুলের গাছ রাখলে হতাশ হতে পারেন। কারণ পর্যাপ্ত আলো না পেলে গাছের বৃদ্ধি কমে যেতে পারে। কম আলোতে মানিয়ে নিতে পারে এমন গাছ বেছে নেওয়া এ ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ। স্নেক প্ল্যান্ট, জেডজেড প্ল্যান্ট কিংবা কিছু ধরনের পামজাতীয় গাছ কম আলোতেও তুলনামূলক ভালো থাকতে পারে। স্নেক প্ল্যান্টের মতো কিছু গাছ কম আলোতেও মানিয়ে নিতে পারে এবং নিয়মিত বেশি পানি দেওয়ারও প্রয়োজন হয় না।


শুধু আলো নয়, টব ও মাটিও গুরুত্বপূর্ণ

বারান্দায় গাছ লাগানোর সময় টবের আকার ও মাটির গুণমানও মাথায় রাখতে হবে। খুব ছোট টবে বড় গাছ রাখলে শিকড় ছড়ানোর জায়গা কমে যায়। আবার টবে পানি জমে থাকলেও শিকড়ের ক্ষতি হতে পারে। তাই টবের নিচে পানি বের হওয়ার ব্যবস্থা থাকা জরুরি। আরেকটি বিষয় হলো, নার্সারি থেকে এনে হঠাৎ প্রচণ্ড রোদে গাছ বসিয়ে না দেওয়াই ভালো। বিশেষ করে ঘরের ভেতর বা ছায়ায় থাকা গাছকে সরাসরি তীব্র রোদে দিলে পাতায় পোড়া দাগ পড়তে পারে। ধীরে ধীরে নতুন আলো ও পরিবেশের সঙ্গে গাছকে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া ভালো।


তাই বারান্দায় গাছ কেনার ভাবুন, বারান্দায় কোন গাছটা ভালো থাকবে, সঠিক জায়গার জন্য সঠিক গাছ বেছে নিতে পারলেই অল্প যত্নে বারান্দা হয়ে উঠতে পারেসবুজ ও সতেজ।

আপনার জেলার সংবাদ পড়তে