মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় আছে ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’র। এ বছরের ডিসেম্বরে মুক্তি পাবে সিনেমাটি। তবে তার আগে বিশেষ চমক নিয়ে ফিরছে ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’। ২০১৯ সালের ইতিহাস গড়া এই সিনেমা বিশেষ সংযোজনসহ গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম এনকোর’। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে সিনেমাটি। মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় চলছে এটি। ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’র মূল প্রেক্ষাপট সহজে বুঝতে পেছনের গল্পের ধারাবাহিকতা মনে রাখা জরুরি। সেটার জন্যই পুনরায় ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’কে পর্দায় আনছে মার্ভেল। পুরনো সিনেমাটির সঙ্গে প্রায় চার মিনিটের দৃশ্য যুক্ত করা হয়েছে। ফলে বড় পর্দায় চেনা উত্তেজনাপূর্ণ দৃশ্যের সঙ্গে নতুনত্বও পাবে দর্শক।