মোল্লাহাটে

আটজুড়ী ইউপির ১ নম্বর ওয়ার্ডে নান্নুকে মেম্বার প্রার্থী করার সিদ্ধান্ত

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪৯ পিএম
আটজুড়ী ইউপির ১ নম্বর ওয়ার্ডে নান্নুকে মেম্বার প্রার্থী করার সিদ্ধান্ত

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পূর্বপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসাধারণের মতামতের ভিত্তিতে আসন্ন নির্বাচনে ইউপি সদস্য পদে নান্নু মোল্লাকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় দত্তডাঙ্গা গ্রামের নান্নু মোল্লার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহলাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৌতম, আনন্দ, গুরুপদ ওঝা, নিখিল বিশ্বাস, বাচ্চু মোল্লা, বাবু মোল্লা, ওহিদ মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।

সভায় উপস্থিত ওয়ার্ডবাসীরা নান্নু মোল্লাকে ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার অনুরোধ জানান। তারা বলেন, নান্নু মোল্লা দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছেন। তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধান এবং সাধারণ মানুষের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয়দের পক্ষ থেকে গণ্যমান্যরা তাদের বক্তব্যে বলেন, “নান্নু মোল্লা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন এবং বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করেন। আমরা চাই তিনি নির্বাচনে প্রার্থী হন এবং ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ পান।”

গণ্যমান্যরা আরো বলেন, “আমাদের প্রত্যাশা, নির্বাচিত জনপ্রতিনিধি সাধারণ মানুষের কথা শুনবেন এবং এলাকার উন্নয়ন ও নাগরিক সেবায় গুরুত্ব দেবেন। নান্নু মোল্লার মধ্যে আমরা সেই মানসিকতা দেখতে পাই।” সভায় উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে নান্নু মোল্লা বলেন, “ওয়ার্ডবাসী আমাকে যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত সম্মানের। তারা যদি আমাকে প্রার্থী হিসেবে চান এবং নির্বাচিত করেন, তাহলে আমি দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সবার পাশে থাকার চেষ্টা করব। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা করাই হবে আমার মূল লক্ষ্য।” সভায় উপস্থিত এলাকাবাসী নান্নু মোল্লার প্রার্থিতার বিষয়ে একমত পোষণ করেন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তাকে সমর্থনের প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে