গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে: ইউএনও

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৪ পিএম
গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে: ইউএনও

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শ্যামল-সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চাঁদপুর সদরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিস্তৃত বৃক্ষরোপণ কর্মসূচি। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিষ্ণুপুর ইউনিয়নের উত্তর মনোহরখাদী লায়ন্স ক্লাবের সহযোগিতায় ৩৫০টি ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর)  উত্তর মনোহরখাদী এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় শিশু-কিশোর, যুবক ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা এলাকায় এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা বলেন, “দেশব্যাপী পরিবেশ সুরক্ষার বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলায় ধারাবাহিকভাবে আমরা বৃক্ষরোপণ চালিয়ে যাচ্ছি। গাছ আমাদের শুধু অক্সিজেন, ফল কিংবা ছায়াই দেয় না; একটি পূর্ণাঙ্গ গাছ মানুষ ও পশুপাখি উভয়ের বেঁচে থাকার অবলম্বন হয়ে ওঠে। তাই কেবল চারা রোপণ করলেই চলবে না, প্রতিটি গাছের নিবিড় পরিচর্যা ও সঠিক সংরক্ষণ নিশ্চিত করতে হবে।”

ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বাসযোগ্য ও নির্মল পৃথিবী গড়ার আহ্বান জানিয়ে ইউএনও আরও বলেন, “আজকের রোপণ করা এই ছোট্ট চারাগুলোই আগামী দিনে আমাদের খাদ্য, শীতল ছায়া ও বিশুদ্ধ বাতাসের জোগান দেবে। পরিবেশ রক্ষায় সমাজের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এই সবুজ বিপ্লবে এগিয়ে আসতে হবে।” এ সময় তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডে উত্তর মনোহরখাদী লায়ন্স ক্লাবের প্রশংসনীয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উত্তর মনোহরখাদী লায়ন্স ক্লাবের সভাপতি কালাম বেপারী বলেন, “উপজেলা প্রশাসনের এমন মহতী উদ্যোগে সঙ্গী হতে পেরে আমরা গর্বিত। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের এই ধরনের সবুজ উদ্যোগ আরও বিস্তার করা প্রয়োজন।” তিনি কর্মসূচিতে অংশগ্রহণকারী ক্লাবের সদস্য, স্থানীয় বাসিন্দা এবং দূর প্রবাসে থেকে সামাজিক কাজে সহযোগিতা পাঠানো প্রবাসী সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় প্রবীণ ও তরুণরা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, এ ধরনের ফলজ গাছ রোপণের ফলে একদিকে যেমন প্রকৃতির খাদ্য শৃঙ্খল ও ভারসাম্য রক্ষা পাবে, অন্যদিকে আগামী প্রজন্ম পাবে একটি সুফলা-সবুজ পরিবেশ। তবে চারাগুলো যেন গবাদিপশু বা অবহেলায় নষ্ট না হয়, সে বিষয়ে সবাই মিলে পরিচর্যা করার অঙ্গীকার করেন তারা।

উল্লেখ্য, সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে উত্তর মনোহরখাদী লায়ন্স ক্লাব দীর্ঘদিন ধরে এলাকায় দৃষ্টান্তমূলক কাজ করে আসছে। ইতিপূর্বে সংগঠনটি নিজস্ব উদ্যোগে এলাকার প্রায় তিন কিলোমিটার গ্রামীণ সড়কে সোলার লাইট স্থাপন করে আলোর মুখ দেখিয়েছে। পাশাপাশি শিক্ষা প্রসারে ও সমাজ সচেতনতায় তারা নিরলস কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রাহাত আমিন পাটওয়ারী, লায়ন্স ক্লাবের উপদেষ্টা সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণির পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে