কুড়িগ্রামে পৃথক দুই কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৫ পিএম
কুড়িগ্রামে পৃথক দুই কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজারহাটে একই দিনে পৃথক দুটি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ ও রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে পৃথকভাবে এসব নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুটি অনুষ্ঠানেই শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার(২৪সেপ্টম্বর) সকালে রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ মাঠে কলেজ পরিবার আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে একাদশ শ্রেণিতে সদ্য ভর্তি হওয়া ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এসময় কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

প্রধান অতিথি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্লোগান ‘সবার আগে বাংলাদেশ’-এই চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে।” তিনি আরও বলেন, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও আত্মমর্যাদাবোধই শিক্ষার্থীদের সাফল্যের মূল চাবিকাঠি। রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ ইতোমধ্যে একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রমাণ করেছে। ভবিষ্যতে এ কলেজ থেকেই দেশসেবায় নিয়োজিত অনেক গুণী নারীর জন্ম হবে বলে তিনি প্রত্যাশা করেন। এসময় সহকারী অধ্যাপক পলাশ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলাম এবং কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান পাটোয়ারী বিপ্লব।

অপরদিকে, একইদিনে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের হলরুমে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদেরকেও বরণ করে নেওয়া হয়। এসময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জহুরুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় এবং তাদের নতুন শিক্ষাজীবনের সাফল্য কামনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে