গাইবান্ধা শহরে অভিনব কায়দায় মোটরসাইকেলে পাচারের সময় প্রায় সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের পুরাতন জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো পুরাতন জেলখানা মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। সকাল সাড়ে ৯টার দিকে সন্দেহভাজন একটি পালসার মোটরসাইকেলকে থামার সংকেত দেন কর্তব্যরত ট্রাফিক টিএসআই হযরত আলী ও গৌতম। তবে সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই চালক কিছুটা সামনে গিয়ে মোটরসাইকেলটি রাস্তায় ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।
খবর পেয়ে গাইবান্ধা সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে ট্রাফিক পুলিশ ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে মোটরসাইকেলটির সিট, তেলের ট্যাঙ্কি ও পাশের কভার খুলে তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় লুকানো ৬ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ট্রাফিক পুলিশের টিআই (অ্যাডমিন) আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সুপারের নির্দেশনায় শহরকে যানজটমুক্ত রাখা এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ট্রাফিক সদস্যরা কাজ করছেন। এরই ধারাবাহিকতায় তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।