বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহীর মোহনপুরে ৫০০ তালবীজ ও অর্জুন, জলপাই, মেহেগনী, সহ বিভিন্ন প্রজাতির আরো ৬০ টিসহ মোট ৫৬০ টি চারাগাছ রোপণ করেছে আনসার ও ভিডিপি সদস্যরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী মোহনপুর উপজেলার ২ নং ঘাসিগ্রাম ইউনিয়নের তুলসীক্ষেত্র ব্রীজ সংলগ্ন সড়কের পাশে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উপজেলা আনসার ও ভিডিপির সংশ্লিষ্টরা বলেন, দেশে দিন দিন বজ্রপাতে প্রাণহানির ঘটনা বাড়ছে। মানুষের পাশাপাশি প্রতি বছর বজ্রপাতে মারা যাচ্ছে গবাদিপশু ও অন্যান্য প্রাণী। বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এমন ধারণা থেকেই তালবীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: রাকিবুল হাসান পিভিএমএস বলেন, ‘জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ জহুরুল ইসলাম বিভিএমএস এর নির্দেশনায় প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি কমাতে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ শামিউল বাসির। তালবীজ সংগ্রহে সহযোগিতা করেন ৩নং রায়ঘাটি ইউনিয়ন দলনেতা মোঃ সামশুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন ২ নং ঘাসিগ্রাম ইউনিয়ন ভিডিপি সদস্য মোঃ মেহেদী হাসান সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ভাতাভোগী সদস্য সদস্যারা।