খুলনার রূপসায় স্থানীয় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমানকে গুলি করে হত্যার চেষ্টা মামলার আরও দুই আসামীকে গ্রেফতার করেছে খুলনা জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টায় ওসি ডিবি অনুপ কুমার চৌধরী'র নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার কাজদিয়া কলেজ মাঠ থেকে তাদের আটক করা হয়। আসামিদেরকে জেলা গোয়েন্দা হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে তদন্তকারী অফিসার জানিয়েছেন।
ডিবি পুলিশ সুত্রে জানা যায়, জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এসআই ও মামলার তদন্তকারী অফিসার মোল্লা লুৎফর রহমান কর্তৃক গ্রেফতারকৃত মনির গাজীর ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীর সুত্র অনুযায়ী কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য উপজেলার নৈহাটী ইউনিয়নের মো. হোসেন সরদারের ছেলে আশরাফুল সরদার (২৬) ও টিএসবি ইউনিয়নের তালতলা এলাকার হাসান খানের ছেলে রিফাত খান (১৯)কে গোপন সংবাদের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টায় ডিবি পুলিশের ওসি তত্বাবধানে ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও আহমেদ হোসেনের নেতৃত্বে অত্র মামলার তদন্তকারী অফিসার এসআই মোল্লা লুৎফর রহমান, সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে উক্ত কাজদিয়া কলেজ মাঠ এলাকা হতে গ্রেফতার করেন। এছাড়া এর আগে সন্ত্রাসী মনির গাজী তালতলার তার বসত বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ আটক করে। এ বিষয়টি নিশ্চিত করে তদন্তকারী অফিসার এসআই মোল্লা লুৎফর রহমান বলেন, দুই আসামি সন্ত্রাসী আশরাফুল ও রিফাতকে গ্রেফতার করা হয়েছে। এই দুইজনের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়।
উল্লেখ্য, গত ২ জুন সন্ধ্যায় আনুমানিক রাত সাড়ে ১০ টায় বিনয় মেম্বরের বাড়ির সন্নিকটে একটি চায়ের দোকানের সামনে হত্যার উদ্দেশ্য রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বিএনপির সহ-সভাপতি শেখ শাহিনুর রহমানকে গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।