কারাবন্দীদের সার্বিক কল্যাণ, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মান পর্যবেক্ষণের লক্ষ্যে জেলা কারাগার পরিদর্শন করেছেন নীলফামারীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক পরিবেশ এবং বন্দীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেন। তিনি নতুন ও পুরাতন বন্দী এবং মহিলা বন্দীদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় বন্দীদের জন্য সরবরাহ করা খাবারের মান, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। বন্দীরা যথাযথ খাবার, চিকিৎসা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না, সে বিষয়েও তিনি খোঁজ নেন।
পরে তিনি কারাগারের লাইব্রেরি পরিদর্শন করেন। এ সময় বন্দীদের জ্ঞানচর্চায় উৎসাহিত করা এবং তাদের ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরিদর্শনকালে কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।