দাপুটে জয়ে এশিয়ান গেমসে স্বর্ণ জিতল ভারত

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৪ এএম
দাপুটে জয়ে এশিয়ান গেমসে স্বর্ণ জিতল ভারত

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বর্ণপদক জিতেছে ভারত। নিসিনের কোরোগি স্পোর্টস পার্কে ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে তারা। টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেটে ২১৬ রান তোলে ভারত। ওপেনিংয়ে শাফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার ৯৯ রানের জুটি দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ২৯ বলে ৪৮ রান করেন শাফালি। এরপর স্মৃতির সঙ্গে অধিনায়ক হারমানপ্রীত কৌর ৪২ রানের জুটি গড়েন। স্মৃতি মান্ধানা ৪৫ বলে ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৭টি ছক্কা। শেষ দিকে ঝড় তোলেন রিচা ঘোষ। মাত্র ২২ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি। ৬টি চার ও ৩টি ছক্কায় সাজানো তার ইনিংস ভারতকে দুই শর ওপারে নিয়ে যায়। ২১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। অধিনায়ক চামারি আতাপাত্তু ২১ বলে ২৯ রান করলেও তাকে ছাড়া আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত ১৫.৪ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন দীপ্তি শর্মা। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। শাফালি ভার্মা, শ্রী চরানি ও শ্রেয়াঙ্কা পাটিল নেন দুটি করে উইকেট। ব্যাটিংয়ে স্মৃতি, শাফালি ও রিচার দারুণ পারফরম্যান্সের পর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় জয় নিশ্চিত করে ভারত। ১৪৭ রানের এই জয়ের মধ্য দিয়ে ২০২৬ এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বর্ণপদকও নিশ্চিত হলো তাদের।