মাদক ব্যবসা থেকে নিজেদের গুটিয়ে নিয়ে আলোর পথে ফিরে আসতে চিহ্নিত তিনজন মাদক ব্যবসায়ী প্রশাসনের কাছে আত্মসমর্পন করেছেন।
আত্মসমর্পনকারী মাদক ব্যবসায়ীরা হলো-বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সমরসিংহ গ্রামের বাসিন্দা ফরিদ হোসেন, পূর্ব বাকাই গ্রামের মিলন সরদার ও আসলাম হোসেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে খাঞ্জাপুর ইউনিয়ন “মাদক নির্মূল পরিষদ”র উদ্যোগে জনসচেতনতামূলক সমাবেশে ওই মাদক ব্যবসায়ীরা আত্মসমর্পন করেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ সহ অন্যান্যরা।
মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পনের বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, আত্মসমর্পনকারী ওই তিনজনের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা চলমান আছে। যেগুলোর নিষ্পত্তি আদালত করবেন।
ওসি আরও বলেন, তারা যেহেতু আলোর পথে ফিরে আসতে চেয়েছে তাই তাদের একটি সুযোগ দেওয়া হয়েছে। তারা আমাদের নজরদারিতে থাকবে। পূনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।