ঈশ্বরদীতে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় এনসিপির নেতাকর্মীদের হুমকি দেওয়ারও অভিযোগ করেছে দলটি। মঙ্গলবার সকাল ১১টায় ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এনসিপির ঈশ্বরদী উপজেলা শাখার নেতাকর্মীরা জানান, নিত্যপ্রয়োজনীয় জ্বালানি ও গ্যাস, বিদ্যুৎতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তারা শান্তিপূর্ণ ভাবে পথসভা ও লিফলেট বিতরণ করছিলেন। কর্মসূচি চলাকালে ওমর শেখ শান্ত নামে এক ছাত্রদল নেতা সেখানে উপস্থিত হয়ে বাধা সৃষ্টি করেন। যিনি আগে ছাত্রলীগ নেতা ছিলেন।
এ সময় এনসিপির কর্মসূচি বন্ধ করে দেওয়ার চেষ্টা এবং নেতাকর্মীদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা। এতে কিছু সময়ের জন্য কর্মসূচির পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।
এনসিপির ঈশ্বরদী উপজেলা সদস্য সচিব সুলতান মাহমুদ বিদ্যুৎ বলেন, ‘দেশ ও জনগণের ন্যায্য অধিকার এবং জনস্বার্থের দাবিতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। সেখানে বাধা ও হুমকি দেওয়া গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থি। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযুক্ত ছাত্রদল নেতা ওমর শেখ শান্ত ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং পৌর এলাকার সাইদুল ইসলামের ছেলে। তবে এ বিষয়ে তার তাৎক্ষণিক ভাবে বক্তব্য পাওয়া যায়নি।
ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন জানান, ছাত্রদল পরিচয়দানকারী ওমর শেখ শান্ত বিগত সরকারের সময়ে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। সে সময়কার অনেক ছবি আমাদের কাছে রয়েছে। বর্তমানে সে ঈশ্বরদীতে বিএনপির অন্য আরেকটি গ্রুপের হয়ে ছাত্রদলের রাজনীতি করছেন।
ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু বলেন, তাকে আমি চিনতে পারছি না, হয়তোবা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়নের সঙ্গে রাজনীতি করতে পারেন।