নড়াইলের তিনটি ইউনিয়ন পরিষদে (ইউপি) দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের আলাদাতপুর এলাকায় দলীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির নড়াইল জেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী মাহমুদা সুলতানা রিমি।
ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন-নড়াইল সদরের হবখালী ইউনিয়ন পরিষদে এনসিপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী দলের জেলা কমিটির যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন ও লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জেলা কমিটির সদস্য সেলিম মিয়া এবং ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী জেলা কমিটির জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন-এনসিপির নড়াইল জেলা কমিটির আহবায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম ইরফানুল বারী উজ্জল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সদস্য সচিব আমিরুল ইসলাম রানাসহ দলীয় নেতাকর্মীরা। এনসিপি নেতা কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলাম ও প্রকৌশলী মাহমুদা সুলতানা রিমি বলেন, আজ (রোববার) থেকে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হলো। পর্যায়ক্রমে অন্য প্রার্থীদের নামও ঘোষণা করা হবে। দলের পক্ষ থেকে তাদের সব ধরণের সহযোগিতা করা হবে। মাদক ও গ্রাম্য দাঙ্গা-হাঙ্গামামুক্ত সমাজ গঠনে ভোটাররা এনসিপির প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আমাদের প্রত্যাশা।