চাঁদপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ২

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১০ পিএম
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ২

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দেবপুর ও মহামায়া সংলগ্ন এলাকায় দ্রুতগামী ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম (৩৮) নামের এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহত নারীর ভাইসহ অটোরিকশার আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ট্রাক ও অটোরিকশা উদ্ধারসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে।

নিহত মাহীনুর বেগম চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের তরপুরচণ্ডী গ্রামের তপাদার বাড়ির নাছির তপাদারের স্ত্রী এবং এক সন্তানের জননী। আহতদের মধ্যে নিহতের ছোট ভাই হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের মৃত পনু মিয়ার ছেলে মো. ইউনুছ (২৮) রয়েছেন। আহত অপর নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের উভয়কে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহীনুর বেগম তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে হাজীগঞ্জের বাকিলা থেকে চাঁদপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দেবপুর এলাকায় পৌঁছালে অটোরিকশাটি অপর একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই মাহীনুর বেগমের মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে এবং ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হলেও অটোরিকশা চালককে পাওয়া যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য, চাঁদপুর সদরের এই মহামায়া ও দেবপুর এলাকাটি সাম্প্রতিক সময়ে অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। এর মাত্র কয়েক দিন আগে, গত ১৫ সেপ্টেম্বর একই স্থানে সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দুইজনের প্রাণহানি ঘটে এবং আরও দুইজন গুরুতর আহত হন। একের পর এক ভয়াবহ দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অত্র সড়কে বেপরোয়া গতি নিয়ন্ত্রণ ও স্থায়ী সড়ক নিরাপত্তার দাবি জানিয়েছেন সাধারণ পথচারীরা।

আপনার জেলার সংবাদ পড়তে