আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫২ পিএম
আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার
ছবি: সংগ্রহীত

নোয়াখালীর সেনবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক এক ব্যবসায়ীর বাড়িতে দাওয়াতে অংশ নেওয়ার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর সমালোচনা তৈরি হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাঁকে সেনবাগ থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। তাঁর স্থলে থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলনকে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার। তিনি বলেন, একজনের বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার অভিযোগকে কেন্দ্র করে ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে সেনবাগ উপজেলার বাতানিয়া গ্রামের বাসিন্দা এবং চট্টগ্রামের ব্যবসায়ী ও আওয়ামী লীগ সমর্থক সিঅ্যান্ডএফ এজেন্ট মো. শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে অংশ নেন ওসি আবদুর রহিম সরকার। পরে ওই দাওয়াতে ওসির অংশ নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।

এর মধ্যেই শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল করেন। এ ঘটনায় স্থানীয় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। পরে জেলা পুলিশ সুপার এন এম নাসির উদ্দিনের নির্দেশে ওসি আবদুর রহিম সরকারকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

ওসি প্রত্যাহারের পর শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন দায়িত্ব নেন। তিনি বলেন, ‘ফেসবুকে দেখেছি তিনি এক ব্যবসায়ীর বাড়িতে দাওয়াত খেয়েছেন। শনিবার রাতেই তিনি আমাকে দায়িত্ব হস্তান্তর করে চলে গেছেন।’

তবে প্রত্যাহারের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘কী কারণে প্রত্যাহার করা হয়েছে তা জানি না।’

এদিকে বটতলা বাজার এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিলের ঘটনায় শনিবার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, ওসির বিরুদ্ধে একজনের বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। এর মধ্যেই আবদুর রহিম সরকারকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে