তারাগঞ্জে ৭৫টির মধ্যে ৩৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৪৫ পিএম
তারাগঞ্জে ৭৫টির মধ্যে ৩৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

রংপুরের তারাগঞ্জে ৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৫টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে এ পদগুলো খালি থাকায় বিদ্যালয়গুলোতে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রমে নানা জটিলতা তৈরি হয়েছে। বর্তমানে এসব বিদ্যালয়ের কার্যক্রম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে।

প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে গিয়ে সহকারী শিক্ষকদের বাড়তি চাপ সামলাতে হচ্ছে। নিজেদের নির্ধারিত শ্রেণির পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বও পালন করতে হচ্ছে তাঁদের। এতে নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের তদারকি ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় সমস্যার সৃষ্টি হচ্ছে।

একাধিক অভিভাবক ও শিক্ষক জানান, প্রধান শিক্ষক না থাকায় শিক্ষক-কর্মচারীদের দায়িত্ব বণ্টন, শিক্ষার্থীদের উপস্থিতি তদারকি, বিভিন্ন সভা, সরকারি নির্দেশনা বাস্তবায়নসহ গুরুত্বপূর্ণ কাজে জটিলতা দেখা দিচ্ছে। অনেক ক্ষেত্রে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নির্দেশনা বাস্তবায়নেও সমস্যার মুখে পড়তে হচ্ছে।

তারাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাগমা শিলভিয়া খান বলেন, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক সময় তাঁদের নির্দেশনা বাস্তবায়নেও জটিলতা তৈরি হয়। তিনি আরও বলেন আশার কথা হচ্ছে, শিগগিরই তারাগঞ্জের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৩৬ জন সহকারী শিক্ষক যোগদান করবেন। এতে শিক্ষক সংকট কিছুটা কমবে এবং শিক্ষা কার্যক্রমে গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে