গাজীপুরের টঙ্গীতে পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন কর্মকর্তার কাছে একাধিকবার চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের বহিস্কৃত নেতা রাতুল সিকদার অমিকে (২২) গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এসময় রাজু শেখ (২৫) নামে তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
ইতিপূর্বে অমি একটি সড়কের কাজকে কেন্দ্র করে ঠিকাদারের কাছে চাঁদাবাজির ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ স্থানীয় বিএনপি নেতাদের নিয়ে কটুক্তির দায়ে দল থেকে বহিস্কার হয়েছিলেন।
বুধবার সকালে টঙ্গীর সাতাইশ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অমি টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ এলাকার রেজা সিকদারের ছেলে এবং গাজীপুর সিটি করপোরেশন ৫১ নং ওয়ার্ড ছাত্রদলের বহিস্কৃত সভাপতি এবং তার সহযোগী রাজু শেখ খরতৈল গ্রামের মৃত শহিদ শেখের ছেলে।
ভুক্তভোগী বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম জানান, বিগত ২০২৫ সাল থেকে টঙ্গীর সাতাইশ চৌরাস্তা এলাকার শিল্পকারখানা রোডে বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের একটি অফিস খুলে কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এরপর থেকে গাসিক ৫১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাতুল সিকদার অমির নেতৃত্বে একদল চাঁদাবাজ একাধিকবার মোটা অংকের চাঁদাদাবি করে আসছিল। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে গতবছর ২৩ নভেম্বর সকালে অমির নেতৃত্বে মামুন (৩০), মাসুদ (২৭), তালেব (২৮), তিতাস (৩০) ও রাজু শেখ (২৫) সাতাইশ ফেডারেশনের অফিসে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হানা দিয়ে দেড় লাখ টাকা লুটে নেয়। এরপর থেকে অব্যাহত চাঁদাদাবি করে আসছিল। নিয়মিত চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলার হুমিক দেয় সন্ত্রাসীরা। একপর্যায়ে তাদের প্রাণনাশের হুমকি ধমকিতে বাধ্য হয়ে ফেডারেশনের অফিস অন্যত্র সরিয়ে নিই। তারপরও তারা মোবাইলে চাঁদাদাবি অব্যাহত রাখে। একপর্যায়ে মঙ্গলবার ফের মোবাইল ফোনে অমি চাঁদা দাবি করে। পরে বাধ্য হয়ে তার মোবাইলে ৩হাজার টাকা বিকাশ করি। তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে টঙ্গী পশ্চিম থানায় মঙ্গলবার একটি লিখিত অভিযোগ দায়ের করি।
এছাড়াও ইতিপূর্বে অমি এক ঠিকাদারের কাছে মোটা অংকের চাঁদাদাবিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় বিএনপির নেতাদের নিয়ে কটুক্তি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হয়। এরপর থেকে অমি ও তার সহযোগিরা আরও বেপরোয়া হয়ে উঠে।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, অমি ও তার সহযোগিদের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ পাওয়ায় অভিযান চালিয়ে এক সহযোগীসহ অমিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার বিকেলে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এই মামলার বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।