দেশের ভবিষ্যৎ তরুণ প্রজন্মের ওপর নির্ভর করছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিশ্ববিদ্যালয়জীবনের শুরু থেকেই শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ করে জ্ঞান, মেধা ও দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বাস্তবভিত্তিক দক্ষতা ও কর্মজীবনের প্রস্তুতিকেও সমান গুরুত্ব দিতে হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ২১তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে শিক্ষার্থীদের মানিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স ও ন্যানোটেকনোলজির মতো আধুনিক ক্ষেত্রে দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ গড়ে উঠলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কর্মক্ষেত্রের প্রয়োজনীয় প্রস্তুতিও নিতে পারবে।
দেশের বড় তরুণ জনগোষ্ঠীকে গুরুত্বপূর্ণ মানবসম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে তুলতে পারলে দেশের আর্থসামাজিক উন্নয়নে তাঁদের ভূমিকা আরও বাড়বে। একই সঙ্গে আন্তর্জাতিক শ্রমবাজারেও তাঁদের দক্ষতা কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে মিলন বলেন, প্রত্যেককে নিজের ভবিষ্যৎ নিজেকেই গড়ে নিতে হবে। জ্ঞান ও দক্ষতার পাশাপাশি শৃঙ্খলা, দেশপ্রেম ও পরিশ্রমের সমন্বয়ে নিজেদের যোগ্য করে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, সংস্কৃতি ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমেও শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন তিনি।
শিক্ষাব্যবস্থাকে আরও সময়োপযোগী করার প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষার বিস্তার ঘটাতে হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের প্রশিক্ষিত করার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, বর্তমান শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে। তাই নিজেদের মেধা, জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। এ সময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।