চিত্রাপাড়ে খাঁচায় মাছ চাষ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০৮ পিএম
চিত্রাপাড়ে খাঁচায় মাছ চাষ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন

চিত্রা পাড়ের মিনি সুন্দরবন এখন অনেকের কাছেই পরিচিত নাম। একদিকে এই নদী কৃষি কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ অন্যদিকে এই নদীর দুকূলে প্রাকৃতিক ভাবে গড়ে উঠেছে ম্যানগ্রোভ বন। আর এ চিত্রা নদীতে খাঁচায় মাচ চাষ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন অনেকে। 

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বাগেরহাটের চিতলমারী উপজেলার সীমান্ত ঘেঁষে বয়ে গেছে চিত্রা নদী। ওপাড়ে ফকিরহাট উপজেলা। এখানকার অধিকাংশ কৃষি জমিতে চিংড়ি ঘের তৈরি করে মাছ চাষ করা হচ্ছে। পাশাপাশি মৎস্য অফিসের উদ্যোগে চিত্রা নদীতে খাঁচায় মাছ চাষে উদ্বুদ্ধ করছেন অনেককে। এতে মাছ চাষে আগ্রহ বাড়ছে চাষিদের।  ভিন্ন পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধ অর্জন করা সম্ভব বলে মনে করছেন অনেকে।  

সরেজমিনে ঘুরে দেখা গেছে, চিত্রা পাড়ের গোয়লবাড়ি গ্রামের গোপাল বিশ্বাস চিত্রা নদীতে খাঁচায় মাছ চাষ করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি বিভিন্ন ধরণের রঙিন মাছসহ বিদেশি জাতের তেলাপিয়া মাছ চাষ করেছেন। নদীতে ড্রামের সাথে নেট দিয়ে খাঁচা তৈরি করে এসব মাছের চাষ করেছেন তিনি। এ বিষয়ে গোপাল বিশ্বাসের সাথে কথা হলে তিনি জানান, ফকিরহাট মৎস্য অফিসের তত্বাবধায়নে তিনি চিত্রা নদীতে খাঁচায় মাছ চাষ করেছেন। নিয়মিত মাছের খাবার দেওয়াসহ পরিচর্যা করেন। বিশেষ করে রঙিন মাছের বেশ কদর রয়েছে। অনেকে এ্যাকুরিয়ামে রাখার জন্য তার কাছ থেকে রঙিন মাছ কিনছেন। খুবই স্বল্প মূল্যে এ সকল মাছ সরবরাহ করছেন তিনি। প্রাথমিক অবস্থায় ১০টি খাচায় মাছ চাষ  করেছেন। তবে নদীতে জোয়ার-ভাটায় পানি নষ্ট হবার কোন কারণ নেই। ঠিকমত খাবার ও পরিচর্যা করলে এর থেকে তিনি লাভের মুখ দেখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। 

স্থানীয় মৎস্য চাষি নন্দ রায় জানান, গোপাল বিশ্বাস ভিন্ন পদ্ধতিতে মাছ চাষ করে অনেককে তাক লাগিয়ে দিয়েছেন। যাদের নিজস্ব জমি নেই তারা এভাবে নদীতে খাঁচায় মাছ চাষ করে লাভবান হতে পারেন। এতে অনেকে বেকারত্ব ঘোঁচাতে পারেন বলে মনে করেন তিনি। এ বিষয়ে চিতলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনসারী জানান, খাঁচায় মাছ চাষ করে লাভবান হওয়া সম্ভব। নদী তীরবর্তী এলাকার লোকজনের জন্য এটি চাষ করার সুযোগ আছে। অনেক উপজেলায় মৎস্য অফিসের সহযোগিতায় খাচায় মাছ চাষের প্রজেক্ট দেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে