ইসলামী ব্যাংক ঘিরে উত্তেজনা, সরে গেল দুই পক্ষ: সোমবার ফের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৩৫ পিএম
ইসলামী ব্যাংক ঘিরে উত্তেজনা, সরে গেল দুই পক্ষ: সোমবার ফের কর্মসূচি
ছবি: সংগ্রহীত

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান নেওয়া দুই পক্ষ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কর্মসূচি শেষ করে সরে গেছে। তবে দাবি আদায়ে উভয় পক্ষই সোমবার (১৪ সেপ্টেম্বর) আবারও অবস্থান কর্মসূচিতে নামার ঘোষণা দিয়েছে। দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে ব্যাংকপাড়ায় উত্তেজনা তৈরি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

রোববার সকাল ১০টা থেকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেয় সচেতন গ্রাহক ফোরাম এবং ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। পাল্টাপাল্টি অবস্থান ও স্লোগানকে কেন্দ্র করে একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা ইসলামী ব্যাংককে এস আলম গ্রুপের প্রভাবমুক্ত রাখা, ব্যাংকে সুশাসন নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষার দাবি জানান। অন্যদিকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে থাকা উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন-অর-রশীদ বলেন, যেকোনো আন্দোলন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। একই সঙ্গে এমন জায়গায় কর্মসূচি পালনের আহ্বান জানানো হচ্ছে, যেখানে মানুষের চলাচল কম এবং জনদুর্ভোগের আশঙ্কা কম থাকে।

তিনি বলেন, ইসলামী ব্যাংককে কেন্দ্র করে দুটি পক্ষের কর্মসূচি চলছে। চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের তিন সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে ব্যাংকের ভেতরে গেছে। তারা স্মারকলিপি দিয়ে বেরিয়ে এলে রোববারের জমায়েত শেষ হবে বলে আশা করা হচ্ছে।

ডিসি হারুন আরও বলেন, বিপুলসংখ্যক মানুষ এক জায়গায় জমায়েত হলে তাদের সরিয়ে দিতে গিয়ে পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে উঠতে পারে। এতে হতাহতের আশঙ্কাও থাকে। এ কারণে পুলিশ বড় ধরনের জমায়েত নিরুৎসাহিত করছে।

ইসলামী ব্যাংককেন্দ্রিক এই আন্দোলনের সঙ্গে সাম্প্রতিক কোনো রাজনৈতিক ঘটনা কিংবা আওয়ামী লীগের কোনো কর্মসূচির যোগসূত্র রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিসি হারুন বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি জানান, ব্যাংকপাড়ায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

দুপুর ১টার দিকে রোববারের কর্মসূচি শেষ করে দুই পক্ষই মতিঝিলের দিলকুশা এলাকা থেকে সরে যায়। তবে উভয় পক্ষের ঘোষণা অনুযায়ী, সোমবার (১৪ সেপ্টেম্বর) আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের কথা রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে